​মুগ্ধসহ ১১ হত্যায় বিচার শুরু

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৬:০৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৭:৩৫:৪০ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২৬ জন আসামির বিরুদ্ধে চার্জ বা অভিযোগ গঠন করে ঐতিহাসিক আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রমের সূচনা হলো।

নির্ধারিত দিন রোববারে (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল বিচার শুরুর এই চূড়ান্ত সিদ্ধান্ত দেন। প্যানেলের অন্য দুজন সদস্য হিসেবে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেছিলেন আদালত। ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষে শুনানি করার সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতের সামনে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর জহিরুল আমিন ও তারেক আবদুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম লিটন আহমেদ। অপরদিকে পলাতক ও আটক আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন স্টেট ডিফেন্স আমির হোসেন, এম হাসান ইমাম এবং শহিদুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীরা।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় পুলিশ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে ডিএমপির উত্তরা বিভাগের সাবেক এডিসি মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ আলম এবং তুরাগ থানার আওয়ামী লীগ কর্মী ইরফানুল হক গাজীসহ মোট আটজন বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

অন্যদিকে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ ও আফছার উদ্দিন খানসহ বাকি ১৮ জন আসামি এখনও পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের এই চার্জ গঠনের পর পলাতকদের অনুপস্থিতিতেই বিচারকাজ জোরকদমে এগিয়ে যাবে বলে জানা গেছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় আন্দোলন চলাকালে আহতদের চিকিৎসায় সহায়তা ও পানি-বিস্কুট বিতরণের সময় বিইউপি শিক্ষার্থী মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই দিন ও পরবর্তী দিন ১৯ জুলাই উত্তরায় মুগ্ধ ছাড়া জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, শাকিল হোসেন, সাব্বির হোসেন, সজিব সরকার, উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়, রিদোয়ান শরীফ, ছাব্বির ইসলাম, আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাসহ মোট ১১ জনকে গুলি ও এপিসির চাপায় নৃশংসভাবে হত্যা করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :