​রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার চার

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০২:৪৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০২:৪৫:৩৩ অপরাহ্ন
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

শেখ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।’

শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এর আগে শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি আঁকা হয়। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি এবং সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :