​রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১২:৩৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১২:৩৭:২৮ অপরাহ্ন
আগামী তিন দিনের মধ্যে রাজধানী ঢাকায় অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে সড়ক ও সেতুমন্ত্রীর এমন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছেন অটোরিকশা চালকরা। এ ঘোষণার প্রতিবাদে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চৌরাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। গুরুত্বপূর্ণ এই মোড়টি অবরুদ্ধ থাকায় এর চারপাশের প্রতিটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত এক অটোরিকশা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের প্রধান দাবি একটাই সড়কে আমাদের গাড়ি নিয়ে নামতে দিতে হবে। প্রশাসন কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ি ডাম্পিংয়ে পাঠাচ্ছে। রাস্তায় সামান্য ইউটার্ন নিলেও গাড়ি আটকে ডাম্পিং করা হচ্ছে। পরে সেই গাড়ি ছাড়াতে গেলে দিনের পর দিন ঘোরানো হয়।"

হাতে থাকা গাড়ি ছাড়ানোর স্লিপ দেখিয়ে তিনি আরও বলেন, "অনেকের আজ গাড়ি ফেরত পাওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হয়নি। প্রশাসন অন্যায়ভাবে আমাদের পেটে লাথি মারছে। পেটে ভাত না থাকলে পরিবারে অশান্তি শুরু হয়। বউ-বাচ্চা, মা-বাবা নিয়ে আমরা চরম সংকটে আছি। অনেকেই চড়া সুদে ঋণ করে গাড়ি কিনেছেন, গাড়ি আটকে রাখলে সেই ঋণের কিস্তি কীভাবে শোধ করব?"

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া আরেক চালক তাদের রুট নির্ধারণের দাবি জানিয়ে বলেন, "আমরা পুরো ঢাকা শহরে গাড়ি চালাতে চাই না; আমাদের জন্য নির্ধারিত কিছু সড়কে চলাচলের অনুমতি দেওয়া হোক। সরকার মিরপুর রোডে অটোরিকশা চলতে নিষেধ করেছে, আমরা সেখানে যাই না। কিন্তু এখন ধানমন্ডি এলাকায় ঢুকলেও গাড়ি ধরে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। যেখানে সড়ক আছে, সেখানে আমাদের চলতে দিতে হবে এটাই আমাদের দাবি।"

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :