​ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০২:৫৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০২:৫৬:৫০ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ পাঁচটি দলের পাঁচজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম।

প্রার্থীরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক। 

এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে।

ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :