​ওসি রাকিবুলের সেই ভাইরাল অডিও সত্য: ডিবি প্রধান

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৩:০৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৩:০৩:১১ অপরাহ্ন
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সেই ভাইরাল অডিওতে থাকা কণ্ঠস্বর তারই। টেস্ট করে সেটি নিশ্চিত হওয়া গেছে। তবে ওই অডিওর মাধ্যমে তিনি কোনো তথ্য পাচার করেছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট থানার ওসির যে অডিও রেকর্ড পাওয়া গেছে, তা নিশ্চিত করা গেছে। সেটি তাঁর কণ্ঠ ছিল। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে এগুলো বিস্তারিত তদন্ত চলছে।

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে কী পাওয়া গেছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, প্রাথমিকভাবে তার যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছিল, সেটা তাকে রিমান্ডে নিয়ে এসে ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে এটা তার ভয়েস। তার কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে-এগুলো আমরা তদন্ত করছি।

তিনি আরও বলেন, ভয়েস আমরা কোর্টের পারমিশনে নিয়েছি। নিয়ে সিআইডি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি।

গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের কথাও ওই অডিওতে ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :