মেসির বিদায়ী ম্যাচে ফিরছেন বিশ্বকাপজয়ী দুই বিশেষ সতীর্থ

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১২:১০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১২:১০:২৮ অপরাহ্ন
শেষ ম্যাচটা যেন হয়ে ওঠে ২০২২ বিশ্বকাপজয়ের সেই সোনালি দিনের পুনর্মিলন। মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে শুরুর একাদশে ফিরছেন তার বিশ্বকাপজয়ী দুই ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতিতে হতে যাচ্ছে লিওনেল মেসির ঐতিহাসিক বিদায়ী ম্যাচ। আগামীকাল বেনিনের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এমন একটি দল নামানোর প্রস্তুতি নিচ্ছেন, যার বড় অংশজুড়েই থাকবেন কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা।

সোনালি দিনের সতীর্থদের দিয়েই অধিনায়ককে শেষবারের মতো ঘিরে রাখতে চান স্কালোনি। তার পরিকল্পনাও স্পষ্ট, সেরা একাদশ নিয়েই মেসিকে বিদায় জানানো। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দলে ফিরছেন দুটি বিশেষ নাম, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দি। দে পল মেসির ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্টার মায়ামির সতীর্থ। এবারের ফিফা উইন্ডোতে তাকে জাতীয় দলে ডাকা হয়নি। অন্যদিকে ওতামেন্দি বিশ্বকাপের পরই জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন।

তবু মেসির বিদায়কে ঘিরে দুজনই বিশেষভাবে এই একটি ম্যাচের জন্য দলে যোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে দুজনই থাকবেন শুরুর একাদশে। নিকো পাজের জায়গায় মাঝমাঠে ফিরবেন দে পল। আর লিসান্দ্রো মার্তিনেজের জায়গায় রক্ষণভাগে দেখা যাবে ওতামেন্দিকে। মেসির মতো ওতামেন্দির জন্যও এটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামা। রোববারের অনুশীলনেও দুজনকে মেসির সঙ্গে দেখা গেছে।

ফলে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আবারও দেখা যাবে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোকে। সেই একাদশ থেকে বাদ পড়ছেন শুধু নাহুয়েল মোলিনা। ফাইনালে পাওয়া লাল কার্ডের নিষেধাজ্ঞা এবং তার ক্লাব রোমার ছাড়পত্র না পাওয়ায় এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, অগাস্টিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

কাতার বিশ্বকাপ জেতানো সেই তারকাদের নিয়ে গড়া দলটি আরেকবার মাঠে একত্র হবে। তবে এবার লড়াই শুধু অধিনায়ক লিওনেল মেসিকে স্মরণীয় এক বিদায় উপহার দেওয়া।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :