এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০১:৩৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০১:৩৩:২২ অপরাহ্ন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় এই অভিযানে নানা অনিয়মের দায়ে ১০২টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার অধিদপ্তরের ৪৪টি দল একযোগে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে তদারকি কার্যক্রম চালায়। অভিযানকালে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি হচ্ছে কি না—তা গভীরভাবে যাচাই করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, বাজার স্থিতিশীল রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং এলপি গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করাই এই সমন্বিত অভিযানের প্রধান লক্ষ্য।

সাভারে ওজনে কারচুপির সরঞ্জাম জব্দ
অভিযান চলাকালে সাভারের আমতলা ও কুটুরিয়া এলাকার দুটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে বড় ধরনের অনিয়ম শনাক্ত করা হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ‘হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা এবং ‘ইকবাল এন্টারপ্রাইজ’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তদন্তে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে কেনাবেচার ভাউচার না রাখা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি এবং বিশেষ পাইপের সাহায্যে সিলিন্ডার থেকে গ্যাস স্থানান্তর করে ওজনে কম দেওয়ার প্রমাণ মেলে। ঘটনাস্থল থেকে কারচুপিতে ব্যবহৃত বিশেষ পাইপ ও বিভিন্ন ব্র্যান্ডের সিল-স্টিকার জব্দ করেন কর্মকর্তারা।

ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা
তদারকিকালে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদদারি কিংবা পণ্য সরবরাহে বিঘ্ন না ঘটাতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশ দেওয়া হয়।

ফল ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো ফলের সঙ্গে পচা-নষ্ট ফল মিশিয়ে বিক্রি এবং ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

 
ভোক্তাদের প্রতি বিশেষ সতর্কতা ও পরামর্শ
ক্রয়ের পূর্বে যাচাই: মূল্যতালিকা দেখে পণ্যের সঠিক ওজন, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরীক্ষা করুন।

এলপি গ্যাস ক্রয়: সিলিন্ডারের ওজন, অক্ষত সিল ও দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি-না, তা দেখে নিন এবং ক্যাশ মেমো সংগ্রহ করুন।

অভিযোগ কেন্দ্র: যেকোনো বাজারে অনিয়ম বা প্রতারণার শিকার হলে সরাসরি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের শৃঙ্খলা রক্ষা, সঠিক মূল্য নিশ্চিতকরণ এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :