কলাপাড়ায় হঠাৎ অসুস্থ হওয়া ২৭ ছাত্রী সুস্থ হয়ে বাড়িতে

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০২:০৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০২:৪২:৩৭ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী মহের উদ্দিন (এমইউ) মাধ্যমিক বিদ্যালয়ের একই সঙ্গে ২৭ ছাত্রী, এক শিক্ষক ও একজন কর্মচারী অসুস্থ হয়ে বুধবার দুপুরের পরে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় এখনো শিক্ষার্থী অভিভাবকের উৎকন্ঠা সম্পুর্ণভাবে কাটেনি। তবে অসুস্থ হওয়া ছাত্রীদের সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে-এটিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এদিকে নতুন করে আজ বৃহস্পতিবার সকালে দশম শ্রেণির আরেক ছাত্রী তনিমা অসুস্থ হয়ে পড়েছে। তাকে বেলা ১১ টায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ একই সঙ্গে এত ছাত্রীর অসুস্থ হওয়ার কারণে আজ বৃহস্পতিবার স্কুলে ছুটি দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থা ফেরাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, ক্লাশ চলাকালীন সময়ে প্রথমে বুধবার আনুমানিক দেড় টার দিকে প্রথমে নবম শ্রেণির শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সে বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে যায়। তার প্রচন্ড শ^াস কষ্ট হচ্ছিল। এরপর পরই এক এক করে অন্তত ২০-৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। 

হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, তিনি তাৎক্ষণিক অসুস্থদের কয়েকজনকে স্কুল থেকে ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নিয়ে যান। তারপরে সেখান থেকে দ্রুততম সময়ে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত অন্তত ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসে। এর মধ্যে সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্তানের হঠাৎ করে অসুস্থতার দৃশ্য দেখে অভিভাবকরা অনেকে কান্না জুড়ে দেন। নানা শঙ্কায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

সহপাঠিরা জানায়, অসুস্থ হয়ে পড়া ছাত্রীদের মধ্যে দশম শ্রেণির ৭ জন, নবম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৬ জন, সপ্তম শ্রেণির ২ জন, ষষ্ঠ শ্রেণির ৩জন ও সংলগ্ন প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির এক জন। এছাড়া বিকালে বিদ্যালয়ের একজন শিক্ষক, এক কর্মচারীও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে অধিকাংশরাই রাতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আজকে (বৃহস্পতিবার) নতুন করে দশম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ছাত্রী, এ ছাড়া অধিকাংশরাই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

একাধিক শিক্ষক নিশ্চিত করেন, স্কুলের ক্লাশের মাঝখানে (লেইজার) দুপুরের বিশ্রাম চলছিল। তখন থেকে এক এক করে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। 

কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: টেন মং জানান, মেডিকেল সাইন্সে এটিকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যজনও অসুস্থ হয়ে পড়ে। মানসিক প্রভাবের কারণে এমনটি হয়। তবে ভয় পাওয়ার তেমন কিছু নয়। সবাইকে সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজকে যে হাসপাতালে এসেছে তারও যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :