​হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৪:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৪:৪৩:৫৩ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়।

এ-সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

বিষয়টি নিয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি হল অফিসে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বলেন, সেখানে যথাযথ তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :