​ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৩৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৩৭:০৫ অপরাহ্ন
দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাংলাদেশি ইলিশ বিদেশে পুনঃরপ্তানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদসচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম দুই হাজার ৬০০ থেকে তিন হাজার টাকায় পৌঁছেছে। এতে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।

এতে অভিযোগ করা হয়, স্থানীয় বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে। আবার ভারতীয় কিছু আমদানিকারক বাংলাদেশ থেকে কম দামে ইলিশ এনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরপ্তানি করে মুনাফা করছে বলেও দাবি করা হয়।

নোটিশে বলা হয়, এতে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে পারে। সংবিধানের ২১(১) অনুচ্ছেদ উল্লেখ করে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

এতে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানিসংক্রান্ত কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত না নেওয়া, দেশের বাজারে সরবরাহ বাড়িয়ে দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং মধ্যস্বত্বভোগী এড়িয়ে আন্তর্জাতিক বাজারে সরাসরি রপ্তানির স্থায়ী নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :