দাতারা টাকা না দেয়ায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১২:৪৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০২:২২:১৬ অপরাহ্ন
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, দাতাদের ব্যাপক অর্থায়ন কাটছাঁটের কারণে তাদের সহায়তা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে প্রায় ৮৩ লাখ শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষ জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, আর্থিক সহায়তায় দীর্ঘস্থায়ী ও ক্রমবর্ধমান ঘাটতির কারণে শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা দেয়ার সক্ষমতা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সালে তারা ৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অনুদান পেয়েছিল। ২০২৫ সালে সেই অর্থের পরিমাণ কমে দাঁড়ায় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে। অথচ বর্তমানে সাহায্যের অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

সংস্থাটি আরও জানায়, চলতি বছর শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের অন্তত ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন ছিল। কিন্তু জুলাই পর্যন্ত তারা এর মাত্র ৩২ শতাংশ, অর্থাৎ ২ দশমিক ৭ বিলিয়ন ডলার পেয়েছে। ফলে প্রায় ৮৩ লাখ বাস্তুচ্যুত মানুষ ইউএনএইচসিআরের সহায়তা পাওয়ার সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছে।

ইউএনএইচসিআর বলেছে, তহবিল কাটছাঁট অব্যাহত থাকায় বিশ্বের প্রধান শরণার্থী এলাকাগুলোতে সহায়তা ও সুরক্ষামূলক ব্যবস্থাগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো টিকিয়ে রাখতে বিভিন্ন সংস্কার ও অগ্রাধিকার নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে। তবে অর্থের ঘাটতি এতটাই বড় ও দীর্ঘস্থায়ী যে, এর প্রভাব এখন জরুরি কার্যক্রমেও পড়ছে।

ইউএনএইচসিআরের এক্সটারনাল রিলেশনস বিভাগের প্রধান ডমিনিক হাইড বলেন, সুরক্ষামূলক ব্যবস্থা একটি নির্দিষ্ট পর্যায়ের নিচে নেমে গেলে তা পুরোপুরি ভেঙে পড়ে। তখন শুধু কমসংখ্যক মানুষ সেবা পায় বিষয়টি এমন নয়; বরং সেবামূলক কার্যক্রমগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এতে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলো তাদের প্রয়োজনীয় সুরক্ষা থেকে বঞ্চিত হবে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :