​জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন এলপিজি অপারেটরগণ

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:১০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:১১:০৬ অপরাহ্ন
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেছেন এলপি গ্যাসের অপারেটরগণ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটরগণের পক্ষ থেকে এই নিশ্চয়তা প্রদান করা হয়।

দেশের বর্তমান এলপিজি আমদানির পরিমাণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজার দর এবং আনুষাঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এনবিআরের সূত্র হতে প্রাপ্ত তথ্য অনুসারে, গত আগস্ট ২০২৬ মাসে ১,৫৭,৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বর ২০২৬ মাসে (২২ তারিখ পর্যন্ত) ১,১৮,৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। প্রদর্শিত উপাত্ত অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো। সুতরাং  বর্তমানে  এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই না বলে সভায় জানান এলপিজি আমদানিকারক ও অপারেটরগণ। 

জ্বালানিমন্ত্রী এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহ ঘাটতি না হয়, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুতদারি করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন- সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার কথা বলেন। অপারেটরা মন্ত্রীকে তাদের দিক থেকে সকল সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন ।

এছাড়া মন্ত্রী আপারেটরদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধান করার জন্য জ্বালানি বিভাগকে নির্দেশনা দেন। 

মন্ত্রী বলেন, এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে সকল বাধা অপসারণে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করবার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে বলে মন্ত্রী সভায় আশ্বস্ত করেন। মন্ত্রী দেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :