তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৬:০৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৬:৩৮:১৭ অপরাহ্ন
প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে খেলতে নেমে উদ্বোধনী ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে টমাস ডুলির দল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে তারা।

ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। প্রায় এক ঘণ্টা পর্যন্ত এই খারাপ খেলা চলতে থাকে, ততক্ষণে মালয়েশিয়া তিন গোল করে ফেলে। শেষদিকে দারুণ ফুটবল খেলেন হামজা চৌধুরীরা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হননি।

মালয়েশিয়ার পক্ষে জোড়া গোল করেন স্ট্রাইকার আরিফ আইমান, অন্য গোলটি বার্গসনের। সবশেষ সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচ থেকে ৭ পরিবর্তন এনে একাদশ সাজান কোচ টমাস ডুলি, যা শেষ পর্যন্ত কাল হয়।

এই ম্যাচে অভিষেক হয় ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ এবং শুকি ইতোফুসার। চতুর্থ মিনিটে কর্নার থেকে হালিম ফয়সালের শট ফিস্ট করে ফেরান শ্রাবণ। খানিক পর সোহেলকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন বার্গসন। নবম মিনিটে চেং কুয়েন্টিংকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রাকিব হোসেন।

শুরুর চাপ ধরে রাখে মালয়েশিয়া, রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। ১৮ মিনিটে লিয়ানে নোয়ারের লং বল থেকে আরিফ আইমান ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন। ৩৭ মিনিটে তপুর ভুল থেকে বার্গসন বল কেড়ে নিয়ে পাস দিলে আরিফ আইমান দ্বিতীয় গোল করেন। বিরতির আগে মালয়েশিয়াকে ৩-০ করতে দেননি শ্রাবণ, ফয়সাল হালিমের শট ঠেকিয়ে দেন।

বিরতির পর ৫৩ মিনিটে কোরবিন লাভেরের লং পাস থেকে বার্গসন তৃতীয় গোল করেন। এরপর মাঠে নামেন মোরসালিন ও জিদান ইউসুফ। ৭৬ মিনিটে হামজা চৌধুরীর শট গোলকিপার রুখে দেন। ৮২ মিনিটে ইমনের শট লক্ষ্যে থাকেনি। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :