​ভূমধ্যসাগরে ইউরোপগামী ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:০৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:০৯:৪৯ অপরাহ্ন
ইউরোপে পৌঁছানোর আশায় রাবারের নৌকায় বিপজ্জনক সমুদ্রযাত্রার সময় মিশরের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে গত এক সপ্তাহে অন্তত ১৬০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উদ্ধার ব্যক্তিরা বর্তমানে মিশরের স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। মিশরস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সমুদ্রপথে যাত্রাকালে মাতরুহ উপকূল থেকে ৪৬ জন, পোর্ট সাইদ এলাকা থেকে ৫৮ জন এবং দামিয়েত থেকে ৫৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। উক্ত অভিযানগুলোতে বাংলাদেশিদের পাশাপাশি সুদান ও মিশরসহ অন্যান্য কয়েকটি দেশের ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদেরও জীবিত উদ্ধার করা হয়েছে।

​অনিরাপদ নৌযানে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এই ঝুঁকিপূর্ণ চেষ্টায় আন্তর্জাতিক পাচারকারী চক্রের ফাঁদে পড়ে অনেকেই বিপদের মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নাগরিকদের দ্রুত কনস্যুলার সেবা ও আইনি সহায়তা দিতে তাদের শ্রম উইং সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কোনো নাগরিকের উদ্ধারের খবর পাওয়ার পরপরই দূতাবাসের পক্ষ থেকে প্রথম ধাপে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করা হয়।

এর পর মিশরের পুলিশ, কারা কর্তৃপক্ষ, ইমিগ্রেশন, আদালত এবং হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রশাসনিক সমন্বয় শেষে দ্রুত দেশে ফেরত পাঠাতে আইনি প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে।

​পরপর কয়েকটি ঘটনায় বিপুলসংখ্যক বাংলাদেশি উদ্ধার হওয়ার কারণে বর্তমানে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ওপর প্রশাসনিক কাজের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে।

এর পরও উদ্ধার সকল বাংলাদেশির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিশরের সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন দূতাবাসের কর্মকর্তারা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :