​কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান এরদোয়ানের

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৭:৫১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৭:৫১:৫৬ অপরাহ্ন
কৃষ্ণসাগরে রাশিয়া ও ইউক্রেনের বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘অনভিপ্রেত ও ব্যাখ্যাতীত’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে কৃষ্ণসাগরে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ নৌযানে হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে কৃষ্ণসাগরে মুক্তভাবে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেখানে বাণিজ্যিক জাহাজে আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ন্যাটোর সদস্য তুরস্ক রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে আসছে। এর আগে একাধিকবার তুরস্কের মালিকানাধীন জাহাজ ও দেশটির নাগরিকেরা কৃষ্ণসাগরে হামলার শিকার হয়েছেন। এ কারণে যুদ্ধ শুরুর পর থেকেই বাণিজ্যিক নৌপথে হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছে আঙ্কারা।

যুদ্ধের মধ্যে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের শস্য রপ্তানি সচল রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন এরদোয়ান। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মধ্যস্থতার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

এর জবাবে ‘ক্রিমিয়ান প্ল্যাটফর্ম’ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তুরস্ক, মিসর বা ভারতের মতো দেশগুলোর উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে কৃষ্ণসাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বা মেরিটাইম ট্রুস মেনে নিতে কিয়েভ সম্পূর্ণ প্রস্তুত।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ‘ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ’ বা কৃষ্ণসাগর শস্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চালু রাখা সম্ভব হয়েছিল।

তবে নিজেদের খাদ্য ও সার রপ্তানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে পরের বছর ওই চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। এরপর থেকে বৈশ্বিক খাদ্য সরবরাহ, বিশেষ করে গম রপ্তানি স্বাভাবিক রাখতে আগের মতো কোনো কাঠামো পুনরায় চালুর উদ্যোগ নিয়ে কাজ করছে তুরস্ক।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :