​মুনা তাসনিমসহ পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০২:৩৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০২:৩৩:৫৯ অপরাহ্ন
যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীসহ পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আদালতে আবেদনটি করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. জাহাঙ্গীর আলম। আবেদনে বলা হয়েছে, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাইদা মুনা তাসনিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং তা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদকের দাবি, অনুসন্ধানের সময় নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রা বন্ধের আবেদন করা হয়।

আদালতের আদেশে যাদের বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয়েছে তারা হলেন—তৌহিদুল ইসলাম চৌধুরী, তার স্ত্রী ও সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, তাদের সন্তান আলাতী আজফার চৌধুরী এবং জাভেদ অপগেন হেপেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তৌহিদুল ইসলাম চৌধুরী জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে কমিশন। তার স্ত্রী সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবেদনে আরও বলা হয়, অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে যাওয়ার সুযোগ বন্ধ করা প্রয়োজন। তারা যাতে বিদেশে চলে যেতে না পারেন, সে জন্য আদালতের প্রয়োজনীয় আদেশ চাওয়া হয়।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে আদালত চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :