মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০১:২১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০১:২১:২২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে রিংয়ের ভেতর মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রোবটের মধ্যে এক অদ্ভুত লড়াই অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক একটি কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিনব ম্যাচের আয়োজন করে যুক্তরাষ্ট্রের রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ফাইটিং কেজ বা খাঁচার ভেতর দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচ শুরুর আগে রোবটটিকে পেশাদার খেলোয়াড়দের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করতে দেখা যায়। লড়াই শুরু হলে লাপেনা রোবটটিকে লক্ষ্য করে কয়েকটি ঘুষি মারেন। জবাবে রোবটটিও পাল্টা ঘুষি ও শক্তিশালী লাথি মারে।

রোবটের লাথিতে লাপেনা খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন, যা যন্ত্রটির মারাত্মক আঘাত হানার সক্ষমতা ফুটিয়ে তোলে।
প্রতিষ্ঠানটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখে, প্রথমবারের মত মানুষ বনাম টার্মিনেটর রোবট লড়াইয়ের মাধ্যমে আমরা ইতিহাস সৃষ্টি করলাম। ‘আরইকে’ জানিয়েছে, এই ম্যাচের আরো বিস্তারিত ফুটেজ সামনে প্রকাশ করা হবে।

ভিডিওটি প্রকাশের পর ইন্টারনেটে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

অনেকেই ধারণা করছেন, আগামী দিনে পেশাদার লড়াইয়ের অন্যতম অংশ হয়ে উঠতে পারে এসব মানুষ-নিয়ন্ত্রিত রোবট। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই প্রযুক্তির কল্যাণে মানুষ ও রোবটের লড়াই ইউএফসির অংশ হয়ে উঠবে।
উল্লেখ্য, রোবটের আক্রমণাত্মক আচরণের এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে একটি ইলেকট্রনিক্স দোকানে ক্রেতার ধাক্কা খেয়ে একটি হিউম্যানয়েড রোবট তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেছিল, যা পরবর্তীতে দোকানকর্মীরা বন্ধ করে দেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :