মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০২:৪৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০২:৪৯:২৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের বন্দরে এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় মো. জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার মদনগঞ্জ এমএল ঘোষাল রোড এলাকার নূরনবী জামে মসজিদে এশার নামাজের তৃতীয় রাকাতে সেজদায় থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। 

মৃত জাহাঙ্গীর হোসেন খুলনা নিউ মার্কেট এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে। তিনি বর্তমানে বন্দরের রূপালী আবাসিক এলাকার ওয়াসা গলিতে আলিনুর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। পেশাগত জীবনে তিনি বেঙ্গল গ্রুপে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মসজিদ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এশার নামাজের সময় তৃতীয় রাকাতে সেজদায় থাকা অবস্থায় জাহাঙ্গীর হোসেন আর উঠতে পারেননি। নামাজ শেষে বিষয়টি বুঝতে পেরে মুসল্লিরা তার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করেন। পরে স্থানীয় মুসল্লি ও মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্যরা অনুসন্ধান চালিয়ে তার ঠিকানা শনাক্ত করেন।

পরবর্তীতে তার আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা মসজিদে এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যান। এ সময় তার বেঙ্গল গ্রুপের সহকর্মী এবং রূপালী আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নামাজরত অবস্থায় জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর ঘটনায় স্থানীয় মুসল্লি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার এভাবে মৃত্যুকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

মদনগঞ্জ এমএল ঘোষাল রোড এলাকার নূরনবী জামে মসজিদের ইমাম বলেন, মৃত্যুর সময় তিনি আল্লাহর ঘরে, নামাজের সেজদারত অবস্থায় ছিলেন। এমন মৃত্যু একজন মুমিনের জন্য আল্লাহর বিশেষ রহমত ও সৌভাগ্যের নিদর্শন হতে পারে। মহান আল্লাহ মরহুমের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন— এই দোয়া করি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :