সাতক্ষীরায় শিশুসন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, শিশুর মৃত্যু

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০১:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০১:৫২:২৭ অপরাহ্ন
সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে পারিবারিক কলহের জেরে ১৮ মাস বয়সী শিশুসন্তানকে কীটনাশক খাইয়ে নিজে বিষপান করেছেন মনোয়ারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ।

রবিবার (২০ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দুগ্ধপোষ্য শিশু ইব্রাহিম হোসেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা মনোয়ারা খাতুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে, নিহত শিশুর বাবা মো. আলমগীর হোসেনের (৫০) মূল বাড়ি সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকায় হলেও তারা দীর্ঘদিন ধরে ধূলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। রবিবার সকালে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করা নিয়ে স্বামী আলমগীর হোসেনের সঙ্গে স্ত্রী মনোয়ারা খাতুনের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলমগীর হোসেন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। স্বামী চলে যাওয়ার পর মনোয়ারা খাতুন ক্ষোভ ও হতাশায় বাড়িতে থাকা বিষাক্ত কীটনাশক নিজে পান করেন এবং নিজের ১৮ মাস বয়সী শিশুসন্তান ইব্রাহিমকেও খাইয়ে দেন।

কিছুক্ষণ পর মা ও শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে দেখে স্বজনেরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক ওই গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেন এবং শিশু ইব্রাহিমের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরমর্শ দেন।

পরে স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে মা মনোয়ারা খাতুনের অবস্থারও অবনতি হলে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

 সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত শিশুর লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :