​ইমরান খানের তিন বোন গ্রেপ্তার

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০১:১৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০১:১৫:২৩ অপরাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দলটির দাবি, রোববার (২০ সেপ্টেম্বর) ইমরানের বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেন লাহোরের ডেপুটি কমিশনার। 

এর এক দিন পর সোমবার (২১ সেপ্টেম্বর) পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম জানান, ইমরানের আরেক দুই বোন উজমা খান ও নরিন খানকে তাদের সন্তানদেরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। পরে তাদের একটি সাঁজোয়া গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনাকে মৌলিক অধিকারের লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে পিটিআই।

ইমরানের ছেলে কাসিম খানও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিযোগ করেছেন। তার দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার ফুপুদের বাড়িতে প্রবেশ করে তাদের ও সন্তানদের জোর করে গাড়িতে তুলে নিয়ে যান। তবে কেন তাদের আটক করা হয়েছে এবং কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি বলে অভিযোগ করেন কাসিম।

এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তানজুড়ে বিক্ষোভ এবং ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। ইমরান খানের মুক্তি ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবিতে জনসমর্থন গড়ে তুলতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর কয়েক দিন আগে ইমরানের পরিবারের সদস্যদের আটকের অভিযোগ সামনে এলো।

সূত্র: ডন

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :