চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত দুই

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:৩৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:৩৩:৫১ অপরাহ্ন
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহীনুর বেগম সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের নাছির তপাদারের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন। ছোট ভাইকে সঙ্গে নিয়ে হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন তিনি।

আহতদের মধ্যে রয়েছেন মাহীনুরের ছোট ভাই মো. ইউনুছ (২৮)। অপর আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাওয়ার পথে দেবপুর এলাকায় পৌঁছে অপর একটি অটোরিকশাকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হলেও অটোরিকশা চালক পালিয়ে যান।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :