প্রতিশ্রুতি না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি: ইরান

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:০৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:২৮:১০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণ এবং তেহরানের শর্ত না মানা পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে তেহরানের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে বলে রোববার (২০ সেপ্টেম্বর) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানা যায়, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘শত্রুরা ভালো করেই জানে যে প্রতারণা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ বন্ধ। যতক্ষণ না তেহরানের শর্তগুলো মানা হচ্ছে, ইরানি জাতির ন্যায্য অধিকার স্বীকৃত হচ্ছে এবং আমেরিকান প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে, ততক্ষণ আগের আলোচনায় ফেরা বা হরমুজ প্রণালি খুলে দেওয়ার কোনো সুযোগ নেই।’ 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে তেহরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ চালায় এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি অচল করে দেয়।

পরবর্তীতে গত জুনে সামরিক অভিযান স্থগিত করা এবং হরমুজ প্রণালিতে পুনরায় জাহাজ চলাচল শুরুর বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। তবে ওই প্রণালির নিরাপত্তা ও নৌচলাচলের রূপরেখা নিয়ে দুই পক্ষের তীব্র দ্বিমতের কারণে শেষ পর্যন্ত সেই সমঝোতা ভেঙে যায়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :