তেল শোধনাগারে আগুন

​রাশিয়ায় ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় নিহত দুই

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:৫৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৬:১৪:৩৪ অপরাহ্ন
রাশিয়ার মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। এ সময় মস্কোর একটি তেল শোধনাগারেও আঘাত হেনেছে ড্রোন। রোববার (২০ সেপ্টেম্বর) রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে এ হামলা চালানো হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ায় এটিই প্রথম সংসদীয় নির্বাচন। এতে অংশ নিচ্ছে পুতিন ও ক্রেমলিনের সামরিক অভিযানকে সমর্থনকারী দলগুলো। এই ভোটকে যুদ্ধের প্রতি রুশ জনগণের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ১ হাজার ৬০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এর মধ্যে প্রায় ৪৫০টি মস্কোর দিকে যাচ্ছিল। কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এলাকায় পৌঁছায়। একটি ড্রোন আবাসিক ভবনেও আঘাত করে। তবে কেউ হতাহত হননি মস্কো শহরে।

রয়টার্সের সাংবাদিকরা মস্কোতে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা তেল শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতেও দেখেছেন। শোধনাগারটির কতটা ক্ষতি হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেন, হামলায় মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে শক্তিশালী করার এই নির্বাচনকে ব্যাহত করতেই হামলাটি চালানো হয়েছিল, তবে শত্রু তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

এদিকে, মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, দুটি পৃথক স্থানে এক ৪৪ বছর বয়সী নারী ও এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, একটি ড্রোন ২১ তলা ভবনে আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের তেলের পাম্পগুলোতে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত কয়েক মাসে রাশিয়া প্রায় ৩০০টি তেলের পাম্পে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলার বেশির ভাগই ইউক্রেনের শহরাঞ্চলে বা তার আশপাশে চালানো হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা দুর্বল করতেই তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে বলে আগেও অভিযোগ করেছে ইউক্রেন। সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, রয়টার্স

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :