কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে রাজস্ব আদায়ের রেকর্ড

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০২:৪০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০২:৪০:৩৪ অপরাহ্ন
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরুর প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। দুই হাজার ৫০০ টন মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে পাঁচ কোটি দশ লাখ টাকার বেশি। পর্যাপ্ত মাছ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি টাকা ছাড়াবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদ এখন দেশের অন্যতম মৎস্য ভান্ডার। বিশাল এই মিঠাপানির জলাধার আকারে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ। কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্পের হাত ধরে ১৯৬০ সালে এই হ্রদ সৃষ্টি হলেও এখন মিঠাপানিতে মৎস্য উৎপাদন ও সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রাখছে। 

মাছের প্রাকৃতিক প্রজনন মৌসুম আর পানি স্বল্পতায় ২৪ এপ্রিল থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত মাছ ধরায় সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এর পরেই মাছ শিকারে হ্রদে নামেন ২৭ হাজার জেলে। আহরিত সেই মাছ জেলার রাঙ্গামাটি, কাপ্তাই, মারিশ্যা ও খাগড়াছড়ির মহালছড়ি—এই চার মৎস্য অবতরণ ঘাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান ব্যবসায়ীরা।

হ্রদে রুই, কাতল, বোয়াল আর চাপিলা, কাচকি হ ৭৬ প্রজাতির দেশিয় মাছ পাওয়া যায়। মিঠাপানির এই সুস্বাদু মাছ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ সারা দেশে। প্রথম মাসে মাছের সরবরাহ দেখে খুশি জেলে ও ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘তো কাপ্তাই হ্রদের মাছটা হচ্ছে মিঠাপানির মাছ। ওই মাছের চাহিদা সারা দেশেই।’

অন্য একজন বলেন, ‘এখানকার মাছটা অনেক সুস্বাদু হয়। পানিতে একটু বাড়ে, একটু কমে, নাড়াচাড়া হওয়াতে মাছ কিছু ক্ষেত্রে বেশি হয় আবার কিছু ক্ষেত্রে কম হচ্ছে।’

চলতি মৌসুমে ২৩ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের প্রত্যাশা রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্মকর্তার।

রাঙামাটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক মো. ফয়েজ আল করিম বলেন, ‘আমাদের এখনো অফিশিয়ালি আমাদের লক্ষ্যমাত্রাটা এখনো ইয়া হয়নি। বাট আমরা আশাবাদী যে গতবার থেকে এই অর্থবছরেও আমরা গতবারের লক্ষ্যমাত্রা থেকেও আমরা আরও বেশি মাছ অবতরণ করতে সক্ষম হবো।’ 

গত অর্থবছরে প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা। এবার প্রথম মাসেই ২ হাজার ৫০০ মেট্রিক টন মাছ থেকে আদায় হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকারও বেশি, যা দৈনিক ১৭ লাখ টাকা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :