​১% শুল্কে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানির সুযোগ

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৩:৫৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৩:৫৯:৩৬ অপরাহ্ন
দেশের বিদ্যমান জ্বালানি সংকট মেটাতে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সৌর বিদ্যুতের আনুষঙ্গিক যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ আমদানি শুল্ক রেখে বাকি সব ধরনের করভার প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এ সুবিধা বলবৎ থাকবে। বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি খাতকে উৎসাহিত করতে সৌর বিদ্যুতের বিভিন্ন সরঞ্জামে প্রযোজ্য শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে ওই সব অব্যাহতির পরও ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ। সরকারের নতুন এই প্রজ্ঞাপনের ফলে সেই করভার কমে এখন কেবল ১ শতাংশে নেমে আসল।

এনবিআর জানিয়েছে, এই কর ছাড়ের ফলে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নকে আরও সুদৃঢ় করতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :