​দুই সপ্তাহে ৬২৩ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ কোটি ২৮ লাখ

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৪:০৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৪:১৮:০৭ অপরাহ্ন
গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই সপ্তাহে ৬২৩টি অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৯১ টাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে সরকার।

ডা. জাহেদ উর রহমান জানান, দেশজুড়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৮০টি সমিতির মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চলছে। গত ১৪ দিনে এ কার্যক্রমে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

এর মধ্যে ৬০টি ছিল মোবাইল কোর্ট। অবৈধভাবে নেওয়া ৬২৩টি বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জরিমানা বাবদ আদায় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৯১ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, একইভাবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানিও (ডেসকো) অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ডেসকো ৩০টি অভিযান চালিয়ে ২১টি অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানিসহ (নেসকো) বিদ্যুৎ খাতের অন্যান্য প্রতিষ্ঠানও নিজ নিজ এলাকায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। সামগ্রিকভাবে ৩৭৪টি অভিযান পরিচালনা করা হয়েছে, অবৈধ ১ হাজার ২৫৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৫৭টি মামলা করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :