​সরিষাবাড়ীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৪৮:৪৭ অপরাহ্ন
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে কাদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রঙতুলির নিপুণ ছোঁয়ায় দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, নানা আকার ও নকশায় তৈরি হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। ইতোমধ্যে অনেক মণ্ডপে খড় ও কাদামাটির কাজ শেষ করে চলছে প্রতিমায় রং ও অলংকরণের প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে মন্দির ও মণ্ডপ প্রাঙ্গণ।

শিমলাবাজার, আরামনগর বাজার, সাইঞ্চারপাড়, চাপারকোনা, বিলবালিয়া, ভাটারা ও বাউসি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, কারিগররা নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা।

সরিষাবাড়ী পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এ বছর উপজেলায় মোট ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে ইতোমধ্যে মণ্ডপগুলোতে শুরু হয়েছে নানা প্রস্তুতি।

প্রতিমা শিল্পীরা জানান, কল্পনায় থাকা দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ বাস্তবে ফুটিয়ে তুলতে তাদের দিনের পর দিন পরিশ্রম করতে হচ্ছে। সময়মতো প্রতিমার কাজ শেষ করতে অনেকেই সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। তবে প্রতিমা তৈরির প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার প্রত্যাশিত লাভ না হওয়ার আশঙ্কা করছেন তারা।

প্রতিমা শিল্পী সুকান্ত পাল বলেন, একেকটি প্রতিমা তৈরি করতে প্রায় ৪০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমাদের খুব কষ্টের মধ্যে কাজ করতে হচ্ছে। দ্রুত কাজ শেষ করার জন্য রাতদিন পরিশ্রম করছি।

এ বিষয়ে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী মহাদেব সাহা বলেন, সরিষাবাড়ীতে এবার ৪২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দও সহযোগিতায় থাকবেন। আমরা উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে চাই। প্রতিটি মন্দিরে কমিটির পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ী থানার পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিমা তৈরির স্থানগুলোতে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :