গোয়ালন্দে ‘শাহী’ পেঁপে চাষে শিক্ষক জহিরের সাফল্য

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৩:৫৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৩:৫৩:০৪ অপরাহ্ন
শিক্ষকতার পাশাপাশি কৃষিতে যুক্ত হয়ে সাফল্য পেয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষি উদ্যোক্তা জহির রায়হান। নিজের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে ‘শাহী’ জাতের পেঁপে চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। খরচ বাদ দিয়ে এবার তিন লাখ টাকার বেশি মুনাফার আশা করছেন এই শিক্ষক।

জহির রায়হান উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে। তিনি স্থানীয় ৬ নম্বর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠন ও কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

কৃষিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বছর দুই বিঘা জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেন জহির রায়হান। জমিতে সারিবদ্ধভাবে উন্নত জাতের ‘শাহী’ পেঁপের প্রায় ২২০টি চারা রোপণ করেছেন তিনি। চারা রোপণ, জমি প্রস্তুত ও পরিচর্যায় এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা।

বর্তমানে তার বাগানের গাছগুলোতে থোকায় থোকায় বড় আকারের পেঁপে ধরেছে। গাছের ফলন দেখে সন্তুষ্ট জহির রায়হান।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘শাহী’ পেঁপে একটি উচ্চ ফলনশীল ও মিষ্টি স্বাদের বারোমাসি জাত। চারা রোপণের পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এ জাতের গাছে ফলন আসতে শুরু করে। গাছের উচ্চতা সাধারণত ১ দশমিক ৬ থেকে ২ মিটার পর্যন্ত হয়। উপযুক্ত পরিচর্যা পেলে প্রতি হেক্টরে প্রায় ৪০ থেকে ৬০ টন ফলন পাওয়া সম্ভব।

জহির রায়হান বলেন, ‘শিক্ষকতার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজ ও কৃষির সঙ্গে থাকতে আমার ভালো লাগে। ভালো মাটি ও নিয়মিত যত্ন পেলে একেকটি পেঁপের ওজন ৫ থেকে ৮ কেজি পর্যন্ত হতে পারে। আশা করছি, পাইকারেরা সরাসরি খেত থেকে পেঁপে কিনে নিয়ে যাবেন। এতে পরিবহন খরচও বেঁচে যাবে। সব ঠিক থাকলে প্রায় ৫ লাখ টাকার কাঁচা ও পাকা পেঁপে বিক্রি করা সম্ভব হবে।’

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, ‘উপজেলায় এ বছর ১০ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। শিক্ষক জহির রায়হানের গোছানো ও সুবিন্যস্ত বাগানটি প্রশংসনীয়। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে গোয়ালন্দ থেকে সহজেই রাজবাড়ী, ফরিদপুর ও ঢাকায় ফল সরবরাহ করা যায়। নিচু জমিতে জলাবদ্ধতার ঝুঁকি থাকলেও সঠিক পরিচর্যা ও উঁচু জমি নির্বাচন করে এ জাতের পেঁপে চাষ করলে স্থানীয় কৃষকেরা লাভবান হতে পারেন।’

জহির রায়হানের পেঁপে চাষের সাফল্য দেখে এলাকার বেকার যুবক ও স্থানীয় কৃষকদের অনেকে উন্নত জাতের পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :