​বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৬:৫৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৬:৫৩:১৬ অপরাহ্ন
বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী এলাকার মো. মুনসুর আলীর ছেলে।

বনবিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, পাথরঘাটায় একটি চক্র হরিণ শিকার ও মাংস পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কোস্টগার্ড সদস্যরা বনবিভাগকে অবহিত করেন। পরে রাত দুইটার দিকে বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে পাথরঘাটার দক্ষিণ চরদোয়ানী কালিয়ার খাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

এ সময় ওই এলাকায় একটি কাঠের নৌকা তল্লাশি করে প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও ১টি মাথা জব্দ করা হয়। পরে চোরাচালানে ব্যবহৃত নৌকাটিসহ ইব্রাহিমকে আটক করা হয়। জব্দকৃত মাংস, চামড়া ও মাথাসহ তাকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বনবিভাগ পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ সামারি ট্রায়াল পরিচালনা করে ইব্রাহিমকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করার এবং চামড়াগুলো বনবিভাগে সংরক্ষণের আদেশ দেওয়া হয়।

পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বলেন, কোস্টগার্ড থেকে খবর পেয়ে বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত হরিণের মাংস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :