এমপি নাজিবুর

​র‌্যাব থেকে এসআরবি, ‘নতুন বোতলে পুরোনো মদ’

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৬:৪৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৬:৪৭:৪৩ অপরাহ্ন
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল পাসের সমালোচনা করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। 

তার দাবি, প্রস্তাবিত আইনে র‌্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি, দায় ও দায়িত্ব নতুন বাহিনী এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। ফলে নাম ও সাইনবোর্ড পরিবর্তন ছাড়া কার্যত র‌্যাবের পুরোনো কাঠামোই বহাল থাকছে। একে তিনি ‘নতুন বোতলে পুরোনো মদ’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬-এর ওপর বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাজিবুর রহমান মোমেন বলেন, ‘২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পরে র‌্যাব স্কোয়াডকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, সে সময় তিনি র‌্যাবের বিলুপ্তির দাবি জানান। সংস্কার নয় সরাসরি বাহিনীর বিলুপ্তের দাবি করা হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে তিনি (খালেদা জিয়া) র‍্যাবকে ‘ক্যানসার’’ আখ্যায়িত করেছিলেন, তখনও তিনি র‍্যাবের বিলুপ্তির দাবি করেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে র‌্যাব বিলুপ্তির আনুষ্ঠানিক সুপারিশ করে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ ও গুম কমিশনও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল।’ কিন্তু নতুন এসআরবি গঠনের বিলে র‌্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথিপত্র, সম্পদ, চুক্তি, দায় ও দায়িত্ব নতুন বাহিনীর কাছে সরাসরি হস্তান্তরের কথা বলা হয়েছে বলে উল্লেখ করে জামায়াতের এ সংসদ সদস্য।

বিলের ২৭ ধারার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘অর্থাৎ শুধু সাইনবোর্ডটাই চেঞ্জ হচ্ছে, নতুন বোতলে পুরোনো মদ। র‌্যাবের নাম ছাড়া আর কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। সব ঠিক থাকছে।’

এভাবে পুরোনো কাঠামো বহাল রাখার ফলে গুমসহ বিভিন্ন অপরাধের মামলা ও তদন্ত ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জামায়াতের এই সংসদ সদস্য।

বিলটির জবাবদিহির ব্যবস্থারও সমালোচনা করেন তিনি। জবাবদিহিতার ব্যবস্থাকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে নাজিবুর রহমান বলেন, ‘নতুন বাহিনী এসআরবির বিরুদ্ধে অভিযোগ দেখার জন্য যিনি চেয়ারম্যান হবেন, তিনি হলেন এসআরবির একজন অতিরিক্ত মহাপরিচালক। কমিটির সাচিবিক দায়িত্ব থাকবেন একজন পরিচালক। অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ সেই বাহিনীর কমিটির চেয়ারম্যান হবেন সেই বাহিনীর ব্যক্তি।’

পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘একটা থানার বিরুদ্ধে অভিযোগ আসলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটের অধীনে তদারকি করা হয়। কিন্তু এখানে (এসআরবি বিল) সেটাও মেনটেইন করা হচ্ছে না। আমাদের যেটা প্রস্তাব ছিল সেটা হলো, এসআরবির বাইরে স্বাধীন ব্যক্তির হাতে তদন্তের ভারটা দিতে হবে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশন, ফৌজদারি আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে।’

এসব আপত্তি লিখিতভাবে সংসদীয় কমিটিকে জানানো হলেও বিলের মূল কাঠামোয় তা পরিবর্তন আনা হয়নি বলে দাবি করেন নাজিবুর রহমান। র‌্যাব বিলুপ্ত করে এসআরবি বিল নিয়ে নিজের দলের অবস্থান ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের যেটা দাবি, একটি দক্ষ বিশেষায়িত বাহিনীর বিরুদ্ধে আমরা না। কিন্তু এটার প্রশিক্ষণ ও জবাবদিহিতার যে ব্যবস্থা, এটা ঠিক না রেখে শুধু পুরোনো বোতলে নতুন মদ, শুধু সাইনবোর্ড চেইঞ্জ করলে উদ্দেশ্য পূর্ণ হবে না।’

এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬ পাস হয়। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ করা বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণের পক্ষে-বিপক্ষে মত নেওয়া হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয় এবং বিলের বিভিন্ন দফার সংশোধনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :