​আসিফ মাহমুদ

অভিযোগ ভিত্তিহীন, তদন্ত বিএনপির মন্ত্রীর বিরুদ্ধেও হওয়া উচিত

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৩:১৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৩:১৯:২৬ অপরাহ্ন
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছে, তার কোনোটিই সত্য নয়।

বরং অভিযোগগুলোর একটি বিএনপি সরকারের সময়ের ঘটনা উল্লেখ করে ওই সময়ের স্থানীয় সরকারমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (০৯ সেপ্টেম্বর )জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত শুরু করার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ২০২৬ সালের ১১ মে ১৩৫ জন যুব উন্নয়ন কর্মকর্তাকে পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়েছিল। দুদকের অভিযোগ, ওই পদায়নের মাধ্যমে তিনি আর্থিক সুবিধা নিয়েছেন।

তবে তাঁর দাবি, ওই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং বিএনপির একজন স্থানীয় সরকারমন্ত্রী দায়িত্বে ছিলেন। ফলে ওই সময়ের সিদ্ধান্তের দায় তাঁর ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘২০২৬ সালের ১১ মে ১৩৫ জন যুব উন্নয়ন কর্মকর্তাকে পদায়ন-পদোন্নতি দেওয়া হয়। দুদকের অভিযোগ, এ পদায়নের মধ্য দিয়ে আমি আর্থিক সুবিধা নিয়েছি। অথচ এ ঘটনার সময় বিএনপি ক্ষমতায় ছিল। তখন বিএনপির স্থানীয় সরকারমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সেটার দায়ও আমার ওপর চাপানো হচ্ছে।’

তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিএনপি এসব করছে। দুদকের তদন্তের বিষয়টি সাংবাদিকদের জানানোর পর সংস্থাটির মুখপাত্র পরে সংশোধনী দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

আসিফ মাহমুদের ভাষ্য, দুদকের মুখপাত্র দুদক বিটের সাংবাদিকদের নিয়ে তৈরি করা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে জানান, কথা বলার সময় তিনি ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি বলে ফেলেছিলেন।

ওই শব্দটি ব্যবহার না করার জন্য অনুরোধ করার পাশাপাশি ভিডিওতে থাকলে তা সম্পাদনা করার অনুরোধও করা হয়। তবে এরই মধ্যে বিষয়টি দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং তাঁর চরিত্র হনন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পরে দুদকের কাছে বিষয়টি পরিষ্কার করে প্রতিবাদলিপি দেওয়ার অনুরোধ জানালেও সংস্থাটি তা করেনি।

সংবাদ সম্মেলনে দুদকের করা অপর দুটি অভিযোগও অস্বীকার করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :