​রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০২:৪৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৪:৩১:০৫ অপরাহ্ন
ছবি ছাড়া বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির নির্দেশনা চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন।

ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুযোগ নেই।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

মামলার নথি অনুযায়ী, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন জানিয়ে ২০২২ সালে হাইকোর্টে রিটটি করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে রিটে কর্তৃপক্ষ হিসেবে রাখা হয়।

এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা। আবেদনে তিনি জানান, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়াহর বিধান অনুসরণ করেন।

এ কারণে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন। ছবি না তোলায় তার জাতীয় পরিচয়পত্র হয়নি। এর ফলে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন।

আবেদনে ছবি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

তবে রুলের শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

তারা উদাহরণ হিসেবে বলেন, হজে গেলেও ছবি তুলতে হয় এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও ছবি প্রয়োজন হয়। ছবি না থাকলে পরিচয় নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

এ ছাড়া বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে চোখের আইরিশের তথ্য নেওয়ার প্রয়োজন হয়, যার জন্য পর্দা তুলে পরিচয় নিশ্চিত করার বিষয়টি সামনে আসে।

দীর্ঘ শুনানি শেষে বুধবার হাইকোর্ট রিটের ওই রুল খারিজ করে দেন। ফলে জাতীয় পরিচয়পত্র পেতে ছবি ব্যবহার বাধ্যতামূলকই থাকল।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :