বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০২:৫০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৪:০০:০২ অপরাহ্ন
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও শুরু হতে পারে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। আলোচনা সফল হলে আগামী মাস থেকেই তিনটি ট্রেন আবার চালু হতে পারে। পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন রেলপথ চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও চালুর বিষয়ে আলোচনা করছে দুই দেশ। মঙ্গলবার থেকে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি গুরুত্ব পাবে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের রেল কর্মকর্তাদের এই আন্তসরকার রেল বৈঠকে (আইজিআরএম) তিনটি ট্রেনের চলাচল পুনরায় শুরুর বিষয়টি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।

বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হতে যাওয়া আন্তসরকার রেল বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’

বাংলাদেশের পক্ষ থেকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি রেলপথ চালুর প্রস্তাবও দেয়া হতে পারে। এছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে নতুন নির্মিত পদ্মা সেতু দিয়ে চালানোর প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ একমত হলে আগামী মাস থেকেই তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হতে পারে। তবে ট্রেন চলাচল শুরুর আগে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

২০২৪ সালের জুলাইয়ে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন দুটি বন্ধ রাখার কথা বলা হলেও পরে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। অন্যদিকে মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকায় এসেছিল। এরপর সেটি আর ভারতে ফিরে যায়নি বলে রেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে পিটিআই।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা ও কলকাতার মধ্যে চলাচল করে। বন্ধন এক্সপ্রেস খুলনা ও কলকাতার মধ্যে এবং মিতালী এক্সপ্রেস আগে ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করত।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :