​সাংবাদিকদের কলম যেন অযথা কারও সম্মানহানি না করে: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৪:৩৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৫:০৩:১২ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিকদের কলম যেন অযথা কারও সম্মানহানি না করে। অনিয়ম-দুর্নীতি বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘অতীতে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি অনেক গণমাধ্যমও কেড়ে নেওয়া হয়েছে। তবে আমি সবসময় সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য উন্মুক্ত। মনে রাখতে হবে, কাউকে জোর করে ভালো বানানো যায় না; যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে।’ 

সরকারি বরাদ্দ জনগণের উন্নয়নে সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না এবং উন্নয়নকাজ টেকসই হচ্ছে কি না, সে বিষয়ে গণমাধ্যমকে কড়া নজর রাখার আহ্বান জানান তিনি।

তরুণ সমাজকে রক্ষা করতে মাদক নির্মূলের ওপর জোর দিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, মাদককে সম্মিলিতভাবে নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকবিরোধী কমিটি গঠন করা যেতে পারে। সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের বিস্তার রোধ করা কঠিন।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা মরহুম নাজির রহমান মঞ্জু ছিলেন ভোলার উন্নয়নের রূপকার। আমি তারই সন্তান হিসেবে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ ও রাস্তাঘাটসহ জেলার বিভিন্ন উন্নয়নকাজ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।’

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি জিয়াউল মোর্শেদ চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আতাউর রহমান মমতাজি প্রমুখ।

এর আগে স্থানীয় বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিন দিনের সফর সংক্ষিপ্ত করে এদিন দুপুর দুইটার লঞ্চে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন মন্ত্রী।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :