​তাড়াশে পদ্মবিল যেন এক টুকরো স্বর্গ!

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০১:১৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০১:১৩:২৬ অপরাহ্ন
বর্ষার পানিতে বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে থাকা সারি সারি পদ্মফুল। চারদিকে সবুজের সমারোহ, নির্মল বাতাস আর নৈসর্গিক সৌন্দর্য—সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব চিত্রপট। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাখুওয়া দিঘী এলাকার বাঘমারা পদ্মবিল এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে হয়ে উঠেছে আকর্ষণীয় এক দর্শনীয় স্থান।

বর্ষা মৌসুমে বাঘমারা পদ্মবিলের সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে যায়। বিলের পানির ওপর ফুটে থাকা অসংখ্য গোলাপি ও সাদা পদ্মফুল আর চারপাশের সবুজ প্রকৃতি তৈরি করে মনোমুগ্ধকর পরিবেশ। ভোরের আলোয় পদ্মফুলের সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।

বিলের সৌন্দর্য উপভোগে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে নৌকাভ্রমণ। নৌকায় চড়ে বিলের বুক ঘুরে ঘুরে পদ্মফুল দেখা, নির্মল বাতাস উপভোগ করা এবং প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করছেন অনেকেই। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে আনন্দঘন সময় কাটাতে এখানে ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও বাঘমারা পদ্মবিল তেমন পরিচিত ছিল না। ধীরে ধীরে পদ্মফুলে ভরা এই বিলের সৌন্দর্যের কথা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। বিশেষ করে ছুটির দিনগুলোতে বিল এলাকায় ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

দর্শনার্থীরা বলেন, শহরের ব্যস্ততা ও কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে কিছুটা স্বস্তি পেতেই তারা বাঘমারা পদ্মবিলে ছুটে আসছেন। নৌকায় ঘুরে পদ্মফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাওয়ায় তাদের ভালো লাগছে।

স্থানীয়দের ভাষ্য, বাঘমারা পদ্মবিলকে পরিকল্পিতভাবে পর্যটনবান্ধব করে গড়ে তোলা গেলে তাড়াশসহ সিরাজগঞ্জের পর্যটন সম্ভাবনা আরও বাড়বে। দর্শনার্থীদের জন্য নিরাপদ নৌযান, বসার স্থান, যাতায়াতব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এটি হতে পারে জেলার অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র।

তবে বিলের প্রাকৃতিক পরিবেশ ও পদ্মফুলের সৌন্দর্য ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, অপরিকল্পিতভাবে পদ্মফুল নষ্ট করা ও পরিবেশ দূষণ বন্ধ করে কার্যকর সংরক্ষণ উদ্যোগ নেওয়া গেলে দীর্ঘদিন ধরে বাঘমারা পদ্মবিলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা বাঘমারা পদ্মবিল তাই এখন শুধু স্থানীয়দের নয়, দূর-দূরান্তের মানুষের কাছেও হয়ে উঠছে এক মনোরম ভ্রমণ গন্তব্য। বর্ষায় পদ্মফুলের মায়াবী সৌন্দর্য দেখতে প্রতিদিনই যেন মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে বিলপাড়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :