চট্টগ্রামের আট বিদ্যুৎকেন্দ্র বন্ধ

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:০৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:০৮:১৪ অপরাহ্ন
ছোট-বড় মিলিয়ে চট্টগ্রামে ২৯ বিদ্যুৎকেন্দ্রের আটটি পুরোপুরি বন্ধ রয়েছে। বাকি ২১ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে কাপ্তাই  পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট এবং বাঁশখালী ও মাতারবাড়ির দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া কোনোটিই উৎপাদন সক্ষমতার ধারেকাছেও যেতে পারছে না। মূলত গ্যাস ও জ্বালানি তেলের তীব্র সংকটের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী আনলিমা এনার্জি, কাপ্তাই সোলার, কেপিজেড সোলার-১, কেপিজেড সোলার-২, রাউজান-১, রাউজান-২, টেকনাফ সোলার ও ইউনাইটেড পাওয়ারসহ মোট আট কেন্দ্রে রবি ও সোমবার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। এর মধ্যে আনলিমা এনার্জির সক্ষমতা ১১৬ মেগাওয়াট, টেকনাফ সোলারের ২০ ও ইউনাইটেড পাওয়ারের ৫০ মেগাওয়াট। কাপ্তাই সোলারের সক্ষমতা ৭.৪ মেগাওয়াট। আট কেন্দ্রের মধ্যে ছয়টিরই সক্ষমতা ৬১৩.৪ মেগাওয়াট। বাকি দুটির সক্ষমতা জানা যায়নি।

অন্যদিকে চালু থাকা বড় বিদ্যুৎকেন্দ্রগুলোও তাদের সক্ষমতার চেয়ে কম উৎপাদন করছে। রোববার সন্ধ্যায় ১,২০০ মেগাওয়াট সক্ষমতার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন হয়েছে ৫৫৫ মেগাওয়াট। অর্থাৎ, সক্ষমতার অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন হয়েছে। একই সময় ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার এসএস পাওয়ার থেকে উৎপাদন হয়েছে ১,১৭২ মেগাওয়াট। শিকলবাহা ২২৫ মেগাওয়াট কেন্দ্র থেকে উৎপাদন হয়েছে ২১৭ মেগাওয়াট। ৩০০ মেগাওয়াট সক্ষমতার আনোয়ারা ইউনাইটেড থেকে উৎপাদন হয়েছে মাত্র ১৬ মেগাওয়াট। ১৫০ মেগাওয়াট সক্ষমতার বিআর পাওয়ার থেকে ৫০ মেগাওয়াট, ১০০ মেগাওয়াটের এনার্জিপ্যাক থেকে ২৪ মেগাওয়াট এবং ১০০ মেগাওয়াটের হাটহাজারী কেন্দ্র থেকে ২১ মেগাওয়াট উৎপাদন হয়েছে।

রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান জানান, এখানের দুটি ইউনিট চালু থাকলে আমরা সর্বোচ্চ ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারি। বর্তমানে দুটি ইউনিটই বন্ধ। কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ রয়েছে প্রায় দুবছর ধরে। বাকিটি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে। গ্যাস পেলে যেকোনো সময় আমরা উৎপাদনে যেতে পারব।
 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :