​মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:২৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:২৪:৫৮ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠি ও আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তির পর এখন আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হতে যাচ্ছেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে প্রথমবারের মতো এই আইকনিক জার্সি গায়ে জড়িয়েছিলেন মেসি।

মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তার অনুপস্থিতিতে হাতে গোনা কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরার সুযোগ পেয়েছিলেন। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচের দ্বিতীয়ার্ধে এই জার্সি পরে মাঠে নেমেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তারও আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে অ্যাঞ্জেল কোরেয়া এবং চিলির বিপক্ষে পাওলো দিবালা এই জার্সি পরে খেলেছিলেন। তবে এই তিনজনের কেউই দলের শেষ বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত ছিলেন না।

কোচ লিওনেল স্কালোনির বর্তমান জাতীয় দলের নিয়মিত সদস্যদের মধ্যে কয়েকজন নিজ নিজ ক্লাবে ১০ নম্বর জার্সি গায়ে খেলছেন। এর মধ্যে ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোমোতে নিকোলাস পাজ এই নম্বরের জার্সি পরেন। এছাড়া ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লু সেলসো এবং নিকোলাস গঞ্জালেজের মতো ফুটবলারদের।

তবে জাতীয় দলে মেসির শূন্যস্থান পূরণ করা এবং ১০ নম্বর জার্সির মর্যাদা ধরে রাখা যেকোনো খেলোয়াড়ের জন্যই বড় চ্যালেঞ্জ। গত বিশ্বকাপগুলোতে আর্জেন্টিনা দলের মূল আক্রমণভাগ আবর্তিত হয়েছিল মেসি এবং তার স্ট্রাইক পার্টনার লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে। মেসিবিহীন জর্ডান ম্যাচেও তারা দুজন একসঙ্গে আক্রমণভাগ পরিচালনা করেছিলেন। ফলে ধারণা করা হচ্ছে, আক্রমণভাগের এই শীর্ষ তারকাদের মধ্য থেকেই হয়তো কেউ পেতে যাচ্ছেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :