বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০১:৪৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০১:৪৪:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন বরের স্বজনরা।

রবিবার (৩০ আগস্ট) উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সিনেমার দৃশ্যের মতো এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার এক তরুণীর বিয়ে হয় নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) সঙ্গে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

মাইক্রোবাসটি হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার এলাকায় পৌঁছলে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।

চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে নববধূকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ওসি আরো জানান, এলাকাবাসীর কাছে জানা যায়, ওই তরুণীর সঙ্গে মিয়াদ মিয়ার একটা সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তা‌দের সম্পর্ক মে‌নে নেয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :