ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু: পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৬:০০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৬:০০:৪৩ অপরাহ্ন
রাঙামাটিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঝুঁকি এড়াতে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হ্রদের ওপর নির্মিত নয়নাভিরাম ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে যায়। বর্তমানে সেতুটির বেশিরভাগ অংশ পানির নিচে থাকায় এটি পর্যটকদের পারাপারের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে বর্তমানে হ্রদে ১০৫.৫৪ এমএলএম পানি রয়েছে। এতে ৫ ইউনিট থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে হ্রদের পানি বাড়লে সেতুটি তলিয়ে যায়। সেতুটি দেখতে আসা দূর-দূরান্তের পর্যটকরা সাময়িক নিষেধাজ্ঞার কারণে কিছুটা হতাশ হয়ে ফিরছেন।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :