​চোট সামলাতে আধুনিক মেডিকেল ইউনিট গড়ছে বিসিবি

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০১:২১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০১:২১:১৬ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেটে একের পর এক চোটের ঘটনায় খেলোয়াড়দের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানোর চাপের পরিবর্তে চিকিৎসাবিজ্ঞানের নিয়ম মেনে চোট ব্যবস্থাপনা এবং দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মেডিকেল কমিটির সভা শেষে বিভাগের পরিকল্পনা তুলে ধরেন চেয়ারম্যান সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি জানান, চোট থাকা অবস্থায় কোনো ক্রিকেটারকে দ্রুত মাঠে ফেরানোর ক্ষেত্রে আর আপস করা হবে না। মেডিকেল বিভাগের অনুমতি ছাড়া চোটগ্রস্ত খেলোয়াড়কে খেলানোর সিদ্ধান্তও নেওয়া হবে না।

লিটন দাসের চোটের প্রসঙ্গ তুলে শামীম বলেন, দেশে করা স্ক্যানের রিপোর্টে কোনো ভুল ছিল না। তবে অতীতে বিভিন্ন পক্ষের অনুরোধে কখনো কখনো নির্ধারিত সময়ের আগেই ক্রিকেটারদের পুনর্বাসন বা খেলায় ফেরানো হয়েছে। ভবিষ্যতে এমনটি আর করা হবে না।

বিসিবির মেডিকেল অবকাঠামো আধুনিক করতে একাডেমি ভবনে প্রায় ৩ হাজার বর্গফুট জায়গায় জরুরি মেডিকেল ইউনিট, ওপিডি, পুনর্বাসন ও অবজারভেশন ইউনিট করার পরিকল্পনা হয়েছে। চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত একটি অ্যাম্বুলেন্সও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের পাঁচটি আঞ্চলিক ভেন্যুতেও চিকিৎসক, ফিজিও ও ট্রেনার নিয়োগের চিন্তা করছে বোর্ড।

এদিকে চোটের কারণে নাজমুল হোসেন শান্ত, রোহানতদৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও জাকির হাসানকে নিয়ে উদ্বেগ রয়েছে। শান্তকে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও পুরোনো হাঁটুর চোট সামলে খেলতে হবে তাকে।

প্রায় ১৫ মাস পর মাঠে ফেরা বর্ষণ অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবার পিঠের পুরোনো চোটে পড়েছেন। পরীক্ষা শেষে তাকে মেরুদণ্ড বিশেষজ্ঞ দেখানোর কথা রয়েছে। ইমনও চোটে পড়ে দেশে ফিরছেন।

এ ছাড়া আল্ট্রাসাউন্ড, শকওয়েভ থেরাপি ও এক্স-রে সুবিধাসহ বিভিন্ন পোর্টেবল চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ডের লক্ষ্য, ভবিষ্যতে চোটের চিকিৎসার জন্য ক্রিকেটারদের বিদেশমুখিতা কমিয়ে দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :