​নেপালের ভয়াবহ বন্যা: সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত ঢাকা

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:২৪:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:২৪:৩০ পূর্বাহ্ন
নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ শত শত মানুষের দ্রুত উদ্ধারের আশা প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার এবং দেশের জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

বাংলাদেশ জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন হলে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে। বিশেষ করে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে বাংলাদেশ আগ্রহী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ইতোমধ্যে অন্তত ১৫৭ জন নিহত এবং চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় নদীতীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :