​ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০২:৪১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০২:৪১:৩১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে এ অধিবেশন। গত ১১ আগস্ট তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এ অধিবেশন আহবান করেন। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাধারণত বছরের এ সময়ে ডাকা অধিবেশন খুব একটা দীর্ঘ হয় না। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মূলত এ অধিবেশন ডাকা হয়ে থাকে। সাধারণত এ অধিবেশন সপ্তাহখানেক চলে। অবশ্য এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হওয়ার কথা রয়েছে। এছাড়া নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে আলোচনার কথা রয়েছে।

এদিকে সংসদের এ অধিবেশনটি রাজনৈতিক ও জাতীয় গুধন্রুযত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, গণভোটের বিধান, জুলাই সনদ- এ চার গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিপরীত অবস্থান ও নীতিগত মতপার্থক্যের কারণে সংসদের অধিবেশনে তীব্র বিতর্ক হতে পারে। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোয় বিরোধী দলের কার্যকর ভূমিকা ও সভাপতি পদ বণ্টন নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :