​খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:১৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:১৫:৪৪ অপরাহ্ন
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করে ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি মেরামত দ্রুত সম্পন্ন করার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কার্যকর নদী ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীর উভয় তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এই গুরুত্ব আরোপ করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলমান প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নদীভাঙন প্রতিরোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

পরে বেলা ১১টায় প্রতিমন্ত্রী হবিগঞ্জ জেলার সদর উপজেলাধীন লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত খোয়াই নদী রক্ষা বাঁধের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশনা দেন।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ এবং খোয়াই নদী রক্ষা বাঁধের স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসেছি। এখানে নদী ও বাঁধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় হুইপ মো. জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :