​অভিন্ন চাকরিবিধি: কমিটি পুনর্গঠন করল বিদ্যুৎ বিভাগ

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৩৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৬:৩৪:০১ অপরাহ্ন
বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহে একই ধরনের চাকরিবিধি অনুসরণের জন্য অভিন্ন চাকরিবিধি পরিবর্তন/পরিমার্জন/সংশোধনের লক্ষ্যে একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।  

কমিটির আহ্বায়ক বিদ্যুৎ বিভাগের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: সবুর হোসেন। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব।

রোববার (২৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এই কমিটি প্রয়োজনে উপযুক্ত বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-

১/ যুগ্মসচিব (কোম্পানি অ্যাফেয়ার্স অধিাশাখা), বিদ্যুৎ বিভাগ

২/ মহাপরিচালক (যুগ্মসচিব), পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগ

৩/ যুগ্মসচিব (উন্নয়ন-১ অধিশাখা), বিদ্যুৎ বিভাগ

৪/ যুগ্মসচিব (পলিসি রিফর্ম অধিশাখা), বিদ্যুৎ বিভাগ

৫/ যুগ্মসচিব (সমন্বয় অধিশাখা), বিদ্যুৎ বিভাগ

৬/ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক পর্যায়ের একজন প্রতিনিধি

৭/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক পর্যায়ের একজন প্রতিনিধি

৮/ পিজিবি পিএলসি/ডিপিডিসি/ডেসকো পিএলসি/নেসকো পিএলসি/ওজোপাডিকো/নওপাজেকো/ইজিবি পিএলসি/সিপিজিসিবিএল/বিআরপিএল/এপিএসসিএল/আরপিসিএল এর নির্বাহী পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি

এই কমিটি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের জন্য প্রণীত অভিন্ন চাকুরিবিধি (Unified Service Guidelines. ২০১৬) সংশোধনের লক্ষ্যে কোম্পানি আইন-১৯৯৪ এবং সংশ্লিষ্ট বিধি বিধান পর্যালোচনা করে পরিবর্তন/পরিমার্জন/সংশোধনের সুপারিশ দেবে। এছাড়া অংশীজনদের মতামত গ্রহণের মাধ্যমে Unified Service Guidelines, ২০১৬ যুগোপযোগী করতে পারবে।

এদিকে, অফিস আদেশ জারির পর সোমবার (২৪ আগস্ট) বিভিন্ন বিদ্যুৎ বিতরণী কোম্পানির প্রকৌশলীদের মাঝে ইতিবাচক মনোভাব দেখা গেছে। তাঁরা জানান, এর আগে বিভিন্ন সময় কোম্পানিগুলোতে চাকরিবিধি ইচ্ছেমত কাটাছেঁড়া করা হয়েছিল। প্রকৌশলীরা আরো জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় এই কমিটি পুনর্গঠন করা হলো। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :