খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০২:২৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০২:২৭:৩৬ অপরাহ্ন
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও বর্তমানে বিভাগে ৫৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ১১৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বাগেরহাটে ১০, সাতক্ষীরায় ৭, যশোরে ১০, ঝিনাইদহে ১১, মাগুরায় ৩ এবং কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৪ হাজার ৬০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৯৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

তবে এখন পর্যন্ত বিভাগে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ১৩ জন, খুলনা জেলায় ২ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।

বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে খুলনা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ থেকে ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস ও সচেতন হওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছে। 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :