​স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত দীপু মনি

যে বাসায় প্রথম দেখা, সেই বাসাতেই শেষ বিদায়

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১১:৫৮:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১২:০৩:৫৯ অপরাহ্ন
মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সেখানে স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

কলাবাগানের এই বাসায় তৌফিক নেওয়াজের সঙ্গে প্রথম দেখা হয়েছিল দিপু মনির। সেই চির চেনা প্রাঙ্গণেই শেষবিদায় জানালেন তিনি স্বামীকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

বাসায় পৌঁছানোর পর প্রিজন ভ্যানে রাখা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দীপু মনি। এ সময় সেখানে থাকা স্বজনদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, এই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে মরদেহটি গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন ডা. দীপু মনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য কারামুক্ত দীপু মনি

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :