​রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১২:২৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০১:৫৩:৩৮ অপরাহ্ন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (১৮ আগস্ট)। তফসিল অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তাঁরা স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোট এবং প্রার্থীদের পাওয়া ভোটের হিসাব প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করেছে। তাঁর পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর একটির প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।

রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয় ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। পরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। মঙ্গলবার বিকেল ৪টার পরই স্পষ্ট হবে, নির্ধারিত ভোটে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, নাকি প্রার্থিতা প্রত্যাহারের ফলে অন্য কোনো পরিস্থিতি তৈরি হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :