ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ক্যানিজিয়া

আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:২৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১২:২৬:১৯ অপরাহ্ন
ঢাকায় আসছেন নব্বইয়ের দশকের আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। সোমবার (১৭ আগস্ট) ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এই তারকা ফরোয়ার্ড। 

ফাইনাল ম্যাচ শেষে হবে ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সেখানে অংশ নিয়ে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেবেন ৫৯ বছর বয়সী ক্লদিও ক্যানেজিয়া। দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবলে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্যানেজিয়া মূলত বাংলাদেশে আসছেন তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে।

১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ক্যানেজিয়া। আলবিসেলেস্তেদের হয়ে ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ১৬ গোল। তার মতো একজন কিংবদন্তি ফুটবলারের উপস্থিতি স্কুল পর্যায়ের খেলোয়াড়দের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকেরা।

বাংলাদেশ সফরকালে ক্যানেজিয়া ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

প্রসঙ্গত, বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ বাড়ানো এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি। আসরের সমাপনীতে ক্যানেজিয়ার উপস্থিতি আয়োজনটিকে আরও বিশেষ করে তুলেছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :