​দেশের পতাকা হাতে নয়াদিল্লির আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির পাঁচ শিক্ষার্থী

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:৪৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৫:৪৬:১৫ অপরাহ্ন
বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণিকল্যাণ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের এনিমেল ওয়েলফেয়ার ল্যাবের পাঁচ শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী ডা. আশিকুর রহমান কৌশিক বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাপ্লাইড এথোলজি (আইএসএই) আয়োজিত ৫৯তম ইন্টারন্যাশনাল কনফারেন্স ১০ আগস্ট শুরু হয়েছে এবং চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। সম্মেলনে প্রাণিকল্যাণ (অ্যানিমেল ওয়েলফেয়ার) বিষয়ে পৃথক পাঁচটি গবেষণাপত্র উপস্থাপন করবেন বাকৃবির শিক্ষার্থীরা।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন ডা. সোলেমা আক্তার শান্তা, ডা. সিয়াম আহমেদ, ডা. আশিকুর রহমান কৌশিক, ডা. তাসনিম বিনতে হাসান এবং ডা. তাজিন খন্দকার। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ও এনিমেল ওয়েলফেয়ার ল্যাবের প্রধান অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। তিনি গবেষণাপত্রগুলোর করেসপন্ডিং অথর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য দলটির সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে রেজিস্ট্রেশন ফি ও ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেছেন। সংশ্লিষ্টদের মতে, এটি তাদের গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি ও সক্ষমতার গুরুত্বপূর্ণ নিদর্শন।

অংশগ্রহণকারী শিক্ষার্থী ডা. আশিকুর রহমান কৌশিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এই সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ আমার জন্য অত্যন্ত গৌরবের। বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে ১২৩ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেছেন। এত বড় বৈশ্বিক আয়োজনে বাংলাদেশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের কাজ, প্রাণিকল্যাণের আধুনিক ধারণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং গবেষণার নতুন দিক সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এই অভিজ্ঞতা আমার গবেষণার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

বিশ্বব্যাপী প্রাণিকল্যাণ বিষয়ক গবেষক, শিক্ষক ও পেশাজীবীদের অন্যতম বৃহৎ এ সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :