মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০১:৩৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০১:৪৭:৩৮ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেলের কাছে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, একটি ট্রাক যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায়। এরপর সেখান থেকে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। পরে তা সম্পূর্ণ বের হয়ে যায়।

মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা বলেন, তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক হোটেলের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকটিতে বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক উলটে যাওয়ার ঘটনা ঘটেছিল।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :